ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় শিক্ষার্থীদের ওপর আক্রমণ, রাঙামাটিতে প্রতিবাদ

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:১৬, ১৬ জানুয়ারি ২০২৫
ঢাকায় শিক্ষার্থীদের ওপর আক্রমণ, রাঙামাটিতে প্রতিবাদ

নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে ঢাকায় কর্মসূচীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক যথাযথ বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শহরের রাজবাড়ি জিমনেসিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে সমাবেশে মিলিত হয়। এ সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

 

সমাবেশে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম সদস্য সবুজ তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী উজাই মারমা। সমাবেশের সঞ্চালনা করেন বিএমএসসি কেন্দ্রীয় কমিটি ক্যাসিংনু মারমা। 

এ সময় বক্তারা বলেন, “নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় ‘স্টুডেসন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন ক্রিকেট স্ট্যাম্প, চাপাতি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে হামলায় ১৭ জনের বেশি শিক্ষার্থী আহত হন। এর দায় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এড়াতে পারে না।”

 

বক্তারা আরো বলেন, “বিগত সরকারের সময়ের মতো বর্তমানেও পাহাড়ের মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে।” 

এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক যথাযথ বিচারের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। জড়িতদের বিচার না হলে কঠোর আন্দোলনের ‍হুশিয়ারিও দেন বক্তারা।

 

একই সাথে অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতির দাবিও জানানো হয়।

ঢাকা/শংকর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়