আবু নাসের
যখন জনগণের মূল্য থাকে না, তখন সরকার স্বৈরাচার হয়
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, “শুধু যুব সমাজই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও রাজনীতিবিদসহ সবাইকে শেখ হাসিনার রোষানলে পড়তে হয়েছিল। কেউ মুখ খুলতে পারেনি। কথা বললে- খুন, গুম ও নির্যাতন করা হয়েছে। হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মূল্য থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে যায়।”
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের তিন স্কুলের যৌথ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আবু নাসের বলেন, “গত ১৫ বছর ক্ষমতায় থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষার নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করা হয়েছে।”
চটুয়া চরগোপালপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের দাতা আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, সমাজসেবক ফারুক ইসলাম, দেলোয়ায়ার হোসেন, জিয়াউর রহমান খান, আলমগীর হাওলাদার, সিদ্দিক ঘরামী।
ঢাকা/পলাশ/মাসুদ