খামেনি সম্পর্কে তথ্য দিলে মিলবে ১ কোটি ডলার
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এর সাথে সম্পর্কিত আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পর্কিত তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরষ্কার ঘোষণা করেছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কূটনৈতিক নিরাপত্তা পরিষেবা পরিচালিত রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের বিবৃতিতে বলা হয়েছে, “এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এর বিভিন্ন উপাদানকে নির্দেশ ও নির্দেশনা দেয়, যা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা, সংগঠিত এবং বাস্তবায়ন করে।”
এতে আরো বলা হয়েছে, “যদি আপনার কাছে আইআরজিসির এসব বা অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের বা এর সহযোগী শাখাগুলোর তথ্য থাকে, তাহলে আমাদের টর-ভিত্তিক টিপলাইন বা সিগন্যালের মাধ্যমে তা আমাদের কাছে পাঠান। আপনার তথ্য স্থানান্তর আপনাকে পুরষ্কারের জন্য যোগ্য করে তুলতে পারে।”
এই তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, তার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি এবং ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিসহ আরো অনেকে রয়েছেন।
ঢাকা/শাহেদ