ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কবিতায় ‘বঙ্গবন্ধু’ উচ্চারিত হওয়ায়, আবৃত্তি অনুষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫
কবিতায় ‘বঙ্গবন্ধু’ উচ্চারিত হওয়ায়, আবৃত্তি অনুষ্ঠান বন্ধ

কবি রবিউল হুসাইন রচিত কবিতা ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ নামক কবিতা আবৃত্তির সময় অনুষ্ঠানে উপস্থিত একটি পক্ষ আবৃত্তির অনুষ্ঠান বন্ধ করে দেয়।

চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আবৃত্তি অনুষ্ঠান চলাকালে একটি কবিতায় একাংশে ‘বঙ্গবন্ধু’ শব্দ উচ্চারিত হওয়ায় আবৃত্তি অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিক এই ঘটনা ঘটে। 

কবি রবিউল হুসাইন রচিত কবিতা ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ নামক কবিতা আবৃত্তির সময় অনুষ্ঠানে উপস্থিত একটি পক্ষ আবৃত্তির অনুষ্ঠান বন্ধ করে দেয়।

অনুষ্ঠানের আয়োজকদের একজন নরেন আবৃত্তি একাডেমির সংগঠক মিশফাক রাসেল বলেন, “কোন শিল্পী কোন কবিতা আবৃত্তি করবেন তা আমাদের আগে থেকে জানা ছিল না। অনুষ্ঠান চলাকালে এক আবৃত্তিকার কবি রবিউল হুসাইন রচিত কবিতা ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ আবৃত্তি শুরু করে। কবিতাটির মাঝপথে ‘বঙ্গবন্ধু’ শব্দটি উচ্চারিত হওয়ার পরপরই আপত্তি তোলে একটি পক্ষ। ওই কবিতার পর আর একটি গান পরিবেশন করে আমরা কোন বিবাদে না জড়িয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেই।” 

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর কর্মীরা এই কবিতার ব্যাপারে আপত্তি তোলে বলে আয়োজকরা জানান। 

এই প্রসঙ্গে জাসাস- এর সদস্য সচিব মামুনুর রশিদ বলেন, ‘‘কবিতায় বঙ্গবন্ধু উচ্চারিত হওয়ায় অনুষ্ঠান বন্ধ করা হয়নি। আর আমরা বন্ধ করিনি। উপস্থিত জনতার রোষে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল।” 

যে ছেলেটি কবিতা পড়ছিল, সে ক্ষমা চেয়েছে বলে জানান মামুনুর রশিদ। 

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘‘একটা অনুষ্ঠানে আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম বলার ঘটনায় একটা সমস্যার কথা শুনেছি। ওখানে আমাদের মোবাইল টিম ছিল। তারা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। কেউ থানায় কোন অভিযোগও করেনি।”

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়