ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২১ ফেব্রুয়ারি ২০২৫  
ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

সন্তানদের সঙ্গে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন

ঢাকার ধামরাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর সামনে পিটিয়ে বাবুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় কৃষি জমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় স্থানীয় আকসির নগর প্রকল্পের ভেতরে একটি জমিতে সরিষা মাড়াইয়ের কাজ করছিলেন। এসময় সেখানে টেঁটা, হাতুড়ি, লোহার পাইপসহ দেশিয় অস্ত্র নিয়ে উপস্থিত হন স্থানীয় ৫-৬ জন ব্যক্তি। একপর্যায়ে তারা বাবুলকে মারধর করেন। আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন বলেন, “আমার সামনেই আমার স্বামীকে তারা মেরেছে। আমার স্বামী ফসলের মাঠে বাইক দিয়ে সরিষা মাড়াই করছিলেন। আমাদের পাড়ার ৫-৬ জন টেঁটা, হাতুড়ি, লোহার পাইপ নিয়ে সেখানে আসে। কিছু না বলে তাকে একটু দূরে নিয়ে ঘেরাও করে চোখ তুলে ফেলে ও হাত-পা ভেঙে হত্যা করে।”

তিনি বলেন, “আফসান, মনির, আরশাদ ও আরশাদের ছেলেসহ আরও দুজন ছিল। আকসির নগর হাউজিংয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল একসময়। তবে এখন তাকে কোথাও যেতে দেই না।” 

বাবুলের ভাবী মুক্তা আক্তার বলেন, “আজ বাবুলকে মেরে ফেলেছে। কিছু দিন আগে তার বাবাকেও মেরে পুকুরে ফেলে রেখেছিল।”

সাভারের এনাম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. এজাজ বলেন, “বিকেল সোয়া ৩টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম ছিল। তাকে মৃত অবস্থায় আনা হয়।”

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “আকসির নগর আবাসিক প্রকল্পের জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যা ঘটেছে বলে জেনেছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আকসির নগর প্রকল্পের ভেতরে একটি পুকুর থেকে নিহত বাবুলের বাবা ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করেছিল ধামরাই থানা পুলিশ।

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়