নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৭২) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। সকালে ফজরের নামাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে কুষ্টিয়ার নওদাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং খেজুরতলা জামে মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ফজরের নামাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নওদাপাড়া মোড়ে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৬৩৯) ইমাম মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
ঢাকা/কাঞ্চন/টিপু
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন