ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় জামায়াত নেতাসহ নিহত ২

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ১৩:১৫, ১৯ জুলাই ২০২৫
সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় জামায়াত নেতাসহ নিহত ২

দুর্ঘটনায় নিহত মাওলানা আবু সাঈদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ (৫২) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫) নামে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) ভোররাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রয়্যাল পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িতে খুলনা ও যশোর অঞ্চলের অন্তত ১০ জন জামায়াত নেতাকর্মী ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে খুলনা থেকে ২৬০টি বাসে করে নেতাকর্মীরা যাচ্ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতির সময় গাড়ির ব্যানার ঠিক করতে যান দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ও অন্যরা। সেসময় রয়‍্যাল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আমির মাওলানা আবু সাঈদ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “ভোররাত ৩টার দিকে এই সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আকেজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হতে শুরু করেছেন।

ঢাকা/তামিম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়