ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে গাড়ির ধাক্কায় শ্রমিক নেতাসহ নিহত ২ 

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০৮, ৩০ আগস্ট ২০২৫
পঞ্চগড়ে গাড়ির ধাক্কায় শ্রমিক নেতাসহ নিহত ২ 

পঞ্চগড়ে গাড়ির ধাক্কায় শ্রমিক নেতাসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।  

শুক্রবার (৩০ আগস্ট) রাতে সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

নিহতরা হলেন—পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন কমিটির সভাপতি। অপরজন হলেন জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭)। 

আহতরা হলেন—একই উপজেলার চৈতন্যপাড়ার ইজিবাইকের চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)। 

স্থানীয়রা জানান, একটি ইজিবাইক যাত্রী নিয়ে পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি হেলিপ্যাড এলাকায় মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পাঁচজন। তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক আহমদ ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। সাদেকুল ও প্রিয়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানিয়েছেন, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর সড়ক অবরোধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

ঢাকা/নাঈম/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়