পথের পাশে পড়ে থাকেন এমএ পাস কিরণীবালা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুর শহরের নছির আহম্মেদ ভূঁইয়া মিলনায়তনের সামনে খোলা আকাশই এখন একমাত্র ঠিকানা ৮০ বছর বয়সী কিরণীবালার
লক্ষ্মীপুর শহরের ব্যস্ত সড়কে হাজারো মানুষের ভিড়ে নিঃশব্দ উপস্থিতি ৮০ বছর বয়সী কিরণীবালার। নছির আহম্মেদ ভূঁইয়া মিলনায়তনের সামনে খোলা আকাশই এখন তার একমাত্র ঠিকানা। উচ্চ শিক্ষিত ও সম্ভ্রান্ত ঘরের এই নারী সেখানে মানবেতর জীবনযাপন করছেন। নেই মাথা গোঁজার ঠাঁই, নেই খাবারের নিশ্চয়তা, নেই পরিবার বা আশ্রয়।
কিরণীবালার জীবনের শুরুটা এমন ছিল না। লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এম এ পাস করেছিলেন তিনি। বাড়ি রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। বিয়ে হয়েছিল নোয়াখালীর মাইজদির পল্লি চিকিৎসক হরলালের সঙ্গে। সংসারে নারায়ণ, বাবুল, দুলাল, রাখালসহ পাঁচ সন্তান। কিন্তু, কিরণীবালা এখন একা, নিঃসঙ্গ। কেউ নেই পাশে। সন্তানরা কোথায়, কেন কাছে নেই— এ প্রশ্ন আজও তার মনে কষ্টের ছায়া ফেলে।
প্রায় এক বছর ধরে এ রাস্তায় বাস করছেন কিরণীবালা। জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয় হারিয়ে পথের পাশে শুয়ে-বসে দিন পার করছেন। শীত, গরম, বৃষ্টি, রোদ—সবই তার জন্য সমান। পথচারীদের দয়ার ওপর নির্ভর করে খাওয়া। ওষুধ কিংবা চিকিৎসা তো এখন বিলাসিতা।
এদিকে, শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শহরের পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ, আলোকসজ্জা আর আনন্দের ঝলক। কিন্তু, কিরণীবালার জন্য নেই নতুন কোনো পোশাক, নেই কোনো আনন্দ। উৎসব তার জীবনে এনে দেয় শুধুই একাকিত্বের বেদনা।
স্থানীয়রা বলছেন, একজন উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের নারী আজ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, তা কেবল একটি মানুষের দুর্দশা নয়, এটি আমাদের সামাজিক ব্যর্থতা।
তারা চান, স্থানীয় প্রশাসন, সমাজসেবামূলক সংগঠন কিংবা স্থানীয় জনপ্রতিনিধিরা যেন দ্রুত কিরণীবালার জন্য আশ্রয়, চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করে।
ঢাকা/লিটন/রফিক
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন