নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নেত্রকোণার কেন্দুয়ায় নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত মিয়া ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার হেফজখানার ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির আঙিনায় নারকেল গাছে ওঠেন সিফাত। এ সময় দা দিয়ে ডাব কাটতে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’
ঢাকা/ইবাদ/রাজীব
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন