ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডিতে প্রতিবেদনের পর বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২১ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:৩৪, ২১ অক্টোবর ২০২৫
রাইজিংবিডিতে প্রতিবেদনের পর বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান

বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে প্রতিবেদন প্রকাশের পর দিনাজপুরের বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালায় দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. খায়রুল বাশার।

গত ২৯ সেপ্টেম্বর রাইজিংবিডিতে “বাড়ি বাড়ি গিয়ে জমির পর্চা বিক্রি? বিরামপুরের ‘থলের বেড়াল’ কারা?” শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। এ নিয়ে তোলপাড় শুরু হয় বিরামপুরে। প্রতিবেদনটি দুদকের কর্মকর্তাদের নজরে আসে।

অভিযান চলাকালে অফিসের নানা অনিয়ম, ঘুষ-বাণিজ্য ও দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যাচাই করে দুদক টিম। এ সময় অফিসে উপস্থিত একজন দালালকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মাধ্যমে বেশ কয়েকজন সংশ্লিষ্ট কর্মচারীর সম্পৃক্ততার তথ্য উঠে আসে।

দুদক কর্মকর্তা খায়রুল বাশার বলেছেন, অভিযোগের ভিত্তিতে আমরা বিরামপুর সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়েছি। এই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ-বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। বিশেষ করে, প্রায় ১৮ একর সরকারি জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় হস্তান্তরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। দালালদের অবাধ দৌরাত্ম্য আছে।

তিনি আরো বলেন, আমরা অফিস থেকে সংশ্লিষ্ট খতিয়ান, দাগ নম্বরসহ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছি। এসব দলিল পর্যালোচনা করে প্রাথমিক অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাইজিংবিডির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এই অভিযানকে স্থানীয় সচেতন মহল গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা আশা করছেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/মোসলেম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়