ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শনিবার দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণায় এবার দিনাজপুর যাচ্ছেন। আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) হেলিকপ্টার যোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে নামবেন তারেক রহমান। তার এই সফর ঘিরে সেখানে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এসময় দিনাজপুর শহরে আপন নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিঁনি। 

বিষয়টি জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আরো পড়ুন:

তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা বেগম খুরশিদ জাহান হকের কবর দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে রয়েছে।

তারেক রহমানের সফরকে ঘিরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় চলছে জোর প্রস্তুতি। পাশাপাশি দিনাজপুর সদর-৩ আসনেও নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি।

ডা. জাহিদ হোসেন বলেন, তারেক রহমান আগামী ৭ ফেব্রুয়ারি বিরামপুরে সফরে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

তিনি জানান, সফরের শুরুতে তারেক রহমান বিরামপুর থেকে দিনাজপুরে যাবেন এবং নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন।

বিএনপির এই নেতা বলেন, তার এই সফর ঘিরে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলাসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা প্রিয় নেতাকে একনজর দেখতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। এই সফর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম সরকার বলেন, আগামী ৭ ফেব্রুয়ারির এই কর্মসূচি ঘিরে নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ রয়েছি। পুলিশের পাশাপাশি ডিবি, বিজিবি নিরাপত্তায় কাজ করবেন। এছাড়াও সেদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। 

২৯ বিজিবির অধিনায়ক লে কর্ণেল এ এম জাবের বিন জব্বার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন। আর নির্বাচন ঘিরে সীমান্তবর্তী বিরামপুর, হিলিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।বিরামপুরে বিজিবির টহল চলছে। আশা করি জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হবে না।  

ঢাকা/মোসলেম/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়