অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে: সারজিস
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম অন্তর্বর্তীকালীন সরকারে উদ্দেশে বলেছেন, “আপনারা মানুষের নিরাপত্তাও দিতে পারেন নাই, বিচারও নিশ্চিত করতে পারেন নাই। বিচারের দাবিতে কেউ যদি আন্দোলন করে, সেখানেও যদি আপনারা বাধা দেন, তাহলে আপনারা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছেন।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে নির্বাচনি পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “এই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত শরিফ ওসমান হাদি হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছে। কয়েকদিন পর নির্বাচন, কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো অগ্রগতি নেই। এজন্য তারা (ইনকিলাব মঞ্চ) চেয়েছিল তদন্ত সাপেক্ষে জাতিসংঘের কাছে এটা হস্তান্তর করা হোক এবং জাতিসংঘ এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে। কিন্তু, গতকাল থেকে আজকে পর্যন্ত তারা যখন সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, তাদের ওপর অত্যন্ত দুঃখজনকভাবে আক্রমণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা। তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, গুলি করা হয়েছে এবং সেখানে অনেক মানুষ রক্তাক্ত হয়ে আহত হয়েছে।”
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার বিচারটা করতে পারে নাই। তারা তাদের ব্যর্থতার দায় স্বীকার করে বিচারিক দায়িত্ব জাতিসংঘের হাতে তুলে দিক, তাহলে তো এটা এক ঘণ্টার মধ্যে সমাধান হয়ে যায়।”
এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন, আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, উপজেলা জামায়াতের আমির সফিউল আলম, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক আরমান আলী খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/নাঈম/রফিক