পাটকেলঘাটায় বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ১২ সদস্য
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদানকারীরা হলেন; বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল এবং সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের স্বাগত জানান।
এ সময় পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন এবং দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
যোগদানকারী সদস্যরা জানান, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপি নেতারা বলেন, তরুণদের এই অংশগ্রহণ দলকে আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতের সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
ঢাকা/শাহীন/জান্নাত