শরীয়তপুরের ৩ আসনেই ধানের শীষ জয়ী
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরের তিনটি আসনে জয়ী জামায়াতের প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করা হয়।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের ১৩৯টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ (রিকশা) পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। এই আসনে ভোটার উপস্থিতি ছিল ৪৩.৬০ শতাংশ।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের ১৩৬টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মাহমুদ হোসেন বকাউল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোটের বড় ব্যবধানে জয় পান শফিকুর রহমান কিরণ। এই আসনে ভোট কাস্ট হয়েছে ৫২.২৬ শতাংশ।
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জের আংশিক) আসনে বিএনপির প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এই আসনে ভোট কাস্ট হয়েছে ৫৭ শতাংশ।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৮০ হাজার ৩১২ জন ও নারী ভোটার ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন। প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির (OCV/ICPV) ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।
ঢাকা/সাইফুল/মাসুদ