ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া-১ আসনে নিরঙ্কুশ জয় পেলেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
কুষ্টিয়া-১ আসনে নিরঙ্কুশ জয় পেলেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা 

আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

ফল ঘোষণার পর দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। শুভেচ্ছা বিনিময় ও স্বতঃস্ফূর্ত বিজয়োৎসবে মুখর হয়ে ওঠে এলাকা।

স্থানীয় ভোটাররা বলছেন, এ বিজয় দীর্ঘদিনের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষক এম মাহফুজুর রহমান টুটুল বলেন, ‘‘বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিভিন্ন দলের শক্ত অবস্থান লক্ষ্য করা গেলেও কুষ্টিয়া-১ আসনে বিএনপির এমন জয় দলটির সাংগঠনিক সক্ষমতা ও জনভিত্তির দৃঢ়তার প্রমাণ।’’ তার মতে, এমন ফল খুলনা বিভাগের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

নবনির্বাচিত এই সংসদ সদস্যের কাছে দৌলতপুরবাসীর প্রত্যাশা অনেক।  শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কৃষিখাতে আধুনিকায়ন, যুব কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নসহ সার্বিক সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর উদ্যোগ চান তারা। পাশাপাশি জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরার প্রত্যাশাও রয়েছে তাদের। 

উল্লেখ্য কুষ্টিয়া-১ আসনে রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় রেজা আহমেদ বলেন, ‘‘এ বিজয় মাটি ও মানুষের বিজয়। দৌলতপুরের আপামর জনগণের বিজয়। আমি দৌলতপুরের মানুষের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করব।’’

তিনি এর আগেও বিএনপি থেকে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার পিতা প্রয়াত আহসানুল হক মোল্লা একাধিকবার এ আসনের সংসদ সদস্য ছিলেন।

ঢাকা/তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়