মানিকগঞ্জে ড্রামট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জে ড্রামট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সদর উপজেলার অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকায় মানিকগঞ্জ–সিংগাইর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন (৪৫) সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত মাহবুব হোসেন (১৮) মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক গিয়াস উদ্দিন মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় চালকের সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।”
ঢাকা/চন্দন/রাজীব