যশোরবাসীর ভালোবাসায় সিক্ত জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও যশোরবাসী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা জানান
জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের মন্ত্রীসভার সদস্য হয়ে দুই দিনের সফরে তিনি নিজ জেলা যশোরে এসে যশোরবাসীর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর ঢাকা থেকে বিমান যোগে যশোর পৌঁছান অনিন্দ্য ইসলাম অমিত। বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউসে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।
যশোরবাসী এই সফরে আনন্দে উচ্ছ্বসিত হন এবং নিজ ঘরে ফিরে আসা সন্তানকে ফুল দিয়ে বরণ করে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। প্রতিমন্ত্রীও নির্বাচনের আগে যশোরবাসীর উদ্দেশ্যে দেওয়া তার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন।
যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জেলা বিএনপির পক্ষ থেকেও দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সমগ্র যশোরবাসী প্রতিমন্ত্রীকে হৃদয় নিংড়ানো ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। এই শুভেচ্ছা বিনিময় প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এতে যশোরের স্থানীয় সরকার বিভাগ, সরকারি কলেজসমূহ, শিক্ষক সমিতি, খেলোয়াড় ও সাংবাদিকসহ জেলার সর্বস্তরের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, “যশোরসহ সমগ্র দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। দেশের স্বার্থ রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। নির্বাচনের আগে যশোরবাসীর দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারও বাস্তবায়ন করব।”
পরবর্তীতে তিনি কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তার পিতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন।
ঢাকা/রিটন/জান্নাত