দিল্লিতে বহুতল ভবন ধসে নিহত ৯
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
ভারতের রাজধানী দিল্লির মেহরৌলি এলাকায় শনিবার (৩০ মে) একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসে পড়েছে। উদ্ধারকাজ দ্রুত শুরু হলেও ধ্বংসস্তূপে আটকে পড়া সবাইকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় ৯ জনের এ পর্যন্ত মৃত্যু হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। আর কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই একটি পাঁচতলা পুরোনো বাড়িটি ভেঙে পড়ে। ধসে পড়া বাড়ির কিছু অংশ পাশের একটি কাঠামোর ওপর গিয়ে পড়ে। সেখানে চিকিৎসা শিক্ষার্থীদের একটি খাবারঘর ছিল। এ ঘটনায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেহরৌলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ এবং দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হলেও পরিস্থিতির ভয়াবহতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। উদ্ধার হওয়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন। সেই কারণেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধারকাজ। প্রশাসনের আশা, দ্রুত সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “পরিবারের সদস্যদের খোঁজ জানতে চাইলেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে বেশি ভূমিকা নিয়েছিলেন। তিনজনকে স্থানীয়রাই উদ্ধার করেন, অথচ পুলিশের তরফে মাত্র দুজনকে উদ্ধার করা হয়েছে। বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হচ্ছিল কিন্তু প্রশাসনের তরফে কিছুই করা হয়নি। করলে এটা আজ দেখতে হতো না।”
ঢাকা/সুচরিতা/ফিরোজ