মোদির ঈদ শুভেচ্ছার পর ফেসবুকে তারেক রহমানের প্রতিক্রিয়া
তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো ঈদুল আজহার শুভেচ্ছা বার্তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মোদিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঠানো এক বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ঢাকার ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে বার্তায় মোদি বাংলাদেশের ‘ভ্রাতৃপ্রতিম জনগণকে’ ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
‘প্রধানমন্ত্রীর কার্যালয়’ ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্ট
মোদি আরো উল্লেখ করেন,“যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙ্ক্ষার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী,” বলেও জানান তিনি।
এর জবাবে ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, “ঈদুল আজহার এই আনন্দময় উপলক্ষে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদ্ভাবের ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরো সুদৃঢ় হোক।”
তিনি দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন।
ঢাকা/সাইফ
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু