চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম নগরের হালিশহরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর।
চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন এসি মসজিদ সংলগ্ন একটি আবাসিক ভবনে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে হালিমা মঞ্জিল নামে ভবনটির তৃতীয় তলার একটি বাসায় ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক এ তথ্য জানান।
দগ্ধরা হলেন- শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)। তাদের মধ্যে শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ভোরের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই ভবনের তৃতীয় তলায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে এবং দগ্ধদের হাসপাতালে পাঠায়।
দগ্ধ সবাই একই পরিবারের সদস্য এবং কয়েকজন এই বাসায় বেড়াতে এসেছিল বলে জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা/রেজাউল/মাসুদ