জমিতে গরু বাঁধা নিয়ে সংঘর্ষে আহত ৩০
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোমবার বিকেলে সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমিতে গরু বেঁধে রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বেঁধে রাখা হয়। এ নিয়ে সন্ধ্যায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরেই জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন জানান, দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/মামুন/মাসুদ