ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাছ কাটা সেই বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
গাছ কাটা সেই বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে নদীভাঙন রোধে রোপণ করা মেহগনি গাছ কেটে পদ স্থগিত হওয়া সেই বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে, মঙ্গলবার প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা করেন। মামলার পর কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক সব পদ স্থগিত করে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে।

তিনি নিজ গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরণের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন—যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

এ ধরনের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো।

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়