অনুমতি না নিয়ে শিক্ষকেরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “অনুমতি না নিয়ে শিক্ষকেরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “জাতির দর্পণ হিসেবে গণমাধ্যম সেই সংবাদ তুলে ধরলে আমাদের ব্যবস্থা নিতে সহজ হবে।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “শিক্ষকতার বাইরে অন্য পেশা নিতে অনুমতি নিতে হয়। এটা সরকারি নিয়ম। যারা অনুমতি নেবেন না, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।”
তিনি বলেন, “শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য পেশায় সম্পৃক্ত হন, তবে তা শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।”
কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মিলন বলেন, “বিগত সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। দু-চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সবাই লক্ষ্য করতে পারবেন।”
ঢাকা/অমরেশ/রাজীব