রাশেদ খানের অফিসে মারামারির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি
ঝিনাইদহের কালীগঞ্জে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের অফিসে মারামারির ঘটনায় আটজনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে, গত শুক্রবার রাতে কালীগঞ্জ থানার এএসআই জাহিদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার মতি মিয়া, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম, খামারাইল এলাকার মনিরুল ইসলাম, নুর আংগীর মন্ডল ও পলাশ মন্ডল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তকিবুর রহমান জানান, থানার সামনে রাশেদ খানের অফিসে মারামারির ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রাশেদ খান। গত শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে তার অফিসে একটি সভায় মারামারির ঘটনা ঘটে। এ সময় থানায় ঢুকে পুলিশের ওপর হামলা হয়। তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ