ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে ওসির সামনে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা আটক

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১ মার্চ ২০২৬  
নাটোরে ওসির সামনে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা আটক

গ্রেপ্তার রাকিবুর রহমান রাজা (মাঝে)।

নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) সামনে এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাজিরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

অভিযুক্ত রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি গুরুদাসপুর উপজেলার একটি হাটের ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় বৈঠক চলাকালে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের সামনেই ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন রাকিবুর রহমান রাজা। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনার ভিডিও করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সুপার এম এ ওয়াহাবের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবুর রহমান রাজাকে আটক করে।

নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, “যুবদল একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। এখানে চাঁদাবাজি, সন্ত্রাস বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের স্থান নেই। দলের নাম ভাঙিয়ে কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় দল নেবে না।”

তিনি বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্তকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রওশান আলী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়