ঝিনাইদহে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ২৫, বাড়ি ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের শৈলকূপায় বুধবার রাতে সংঘর্ষের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাকিমপুর গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলছিল। বুধবার সন্ধায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাত ৮টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ফলে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে তিনটি বাড়ি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “হাকিমপুরে দুপক্ষের সংঘর্ষের পর আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ