নতুন মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডা. সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানার সেলিম মণ্ডল হত্যা মামলায় করা জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান মাসুম, আওলাদ হোসেন, জাহিদুল হক দিপু ও জিয়াউল ইসলাম কাজলসহ কয়েকজন আইনজীবী।
গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বিস্ফোরক আইনে দায়ের হত্যা মামলায় এজাহারে নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ আইভীকে শোন অ্যারেস্ট দেখায়। তবে ওই দিনই তার আরও পাঁচটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
পরবর্তীতে শ্যোন অ্যারেস্ট দেখানো হত্যা মামলায় গত সোমবার শুনানি শেষে একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগ করা হয়। ভবনটির তৃতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তিন দিন পর ভবনটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের একজন সেলিম মণ্ডল (২৯) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে। মৃত্যুর প্রায় ১০ মাস পর গত বছরের ৬ জুন তার বাবা ওয়াজেদ আলী মামলা দায়ের করেন।
এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, আইভীকে হয়রানি করার জন্য মনগড়া অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি মিথ্যা মামলা।
ঢাকা/অনিক/বকুল