ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বপ্ন পূরণে ইরাকে গিয়ে নিভে গেল নাহিদের জীবন

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৬ মার্চ ২০২৬   আপডেট: ২০:৪১, ৬ মার্চ ২০২৬
স্বপ্ন পূরণে ইরাকে গিয়ে নিভে গেল নাহিদের জীবন

ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় পাঁচ মাস আগে প্রবাসে পাড়ি জমান ফেনীর তরুণ মেহেদি হাসান নাহিদ (২১)। কিন্তু, স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তার জীবন।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ নাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার।

নাহিদ ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুর বিসিক শিল্পনগরী সংলগ্ন মৃধা বাড়ির মোহাম্মদ মাহবুবুল হকের ছেলে। এক ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিদ ছিলেন ছোট।

পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুবুল হক প্রায় আট বছর ধরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কর্মরত। গত বছরের অক্টোবর মাসে বাবার হাত ধরে কাজের সন্ধানে সেখানে যান নাহিদ।

গত মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পর নাহিদ ও তার সঙ্গে থাকা আরো তিন বাংলাদেশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে বাসায় ফিরে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। পরদিন বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

নিহতের চাচা মনিরুজ্জামান বলেন, “স্বপ্ন পূরণে প্রায় ১০ লাখ টাকা ঋণ করে নাহিদকে প্রবাসে পাঠানো হয়েছিল। কিন্তু তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে।”

নাহিদের মা হোসনে আরা বলেন, “শেষবারের মতো আমার সন্তানের মুখ দেখতে চাই। তাকে দ্রুত দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা বলেন, “বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। অবগত হলে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

ঢাকা/সাহাব/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়