খেতের ফসল নষ্ট করা ছাগল নিয়ে থানায় হাজির কৃষক
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কলাপাড়ায় আলাউদ্দিন (৩৫) নামে এক কৃষকের ৩০ শতাংশ জমির তরমুজ খেত প্রতিবেশী রফিক হাওলাদারে গরু, ছাগল ও ভেড়া খেয়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক একটি ছাগল আটক করে রেখেছিলেন।
রবিবার (৮ মার্চ) আটক ছাগল নিয়ে থানায় হাজির হন তিনি। সে সময় রফিক হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
আলাউদ্দিন উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, শনিবার তিনি তরমুজ ক্ষেতে গিয়ে দেখেন, প্রতিবেশী রফিক হাওলাদারের অনেকগুলো গরু, ছাগল ও ভেড়া খেতে প্রবেশ করে শতাধিক তরমুজের ঝাড় খেয়ে ফেলেছে।
এ সময় তিনি একটি ছাগল আটক করে বাড়িতে নিয়ে আসেন। পরে রফিক হাওলাদারকে বিষয়টি অবহিত করেন। কিন্তু, দুই দিনেও রফিক হাওলাদার কোনো খবর না নিলে তিনি ছাগল নিয়ে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, গত তিন মাসে রফিক হাওলাদারের গরু, ছাগল ও ভেড়া তার ৩০ শতাংশ জমির তরমুজ খেত নষ্ট করে ফেলেছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি বেশ কয়েকবার রফিক হাওলাদারকে অবহিত করলেও তিনি কোনো কর্ণপাত করেননি।
এ বিষয়ে জানতে রফিক হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আওয়ামী লীগের সময় আলাউদ্দিন আমার একটি মহিষ চুরি করে খেয়েছে। এখন আমার ছাগল চুরি করে থানায় গিয়ে আবার মিথ্যা নাটক সাজিয়েছে।”
কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাসেল বলেন, “অভিযোগ পেয়ে রফিক হাওলাদারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু, তিনি সাড়া দেননি। থানায় তো পশু রাখার জায়গা নেই। তাই স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাগলটি আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/ইমরান/রাজীব