ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে ফিড কোম্পানি ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক কৃষিজমিতে বালুভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১০ মার্চ ২০২৬   আপডেট: ২০:৫৭, ১০ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে ফিড কোম্পানি ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক কৃষিজমিতে বালুভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে অন্যের কৃষিজমিতে জোরপূর্বক বালুভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, তাদের অনুমতি ছাড়াই স্থানীয় যুবদল নেতা কোম্পানির পক্ষ নিয়ে জমিতে ও বাড়িঘরে বালু ফেলেছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার নদীঘাট এলাকায় অবস্থিত মাছের খাবার তৈরী করার প্রতিষ্ঠান মার্স ফিড কোম্পানি সম্প্রতি তাদের কারখানার পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়। ওই ইউনিয়নের রামগঞ্জ এলাকার কয়েকজন কৃষকের জমিতে কোনো ধরনের লিখিত অনুমতি বা সমঝোতা ছাড়াই কোম্পানির পক্ষ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল জোরপূর্বকভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাট করে দখল করে নেয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো ফল পাননি। 

ক্ষতিগ্রস্ত কৃষক রামগঞ্জ গ্রামের হেলাল উদ্দীন বলেছেন, “আমাদের পরিবারের ১৬ শতাংশ জমি বালু দিয়ে ভরাট করেছেন যুবদল নেতা নূরে ইয়াছিন নোবেল। তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। বাধা দিলে উল্টো হামলা-মামলার ভয় দেখানো হয়।”

রামগঞ্জ গ্রামের ভুক্তভোগী মানু বেগম বলেছেন, “জোরপূর্বক বালু দিয়ে ভরাট করে আমাদের বাড়ি দখল করে নিয়েছে। আমরা খুবই কষ্টে দিন যাপন করছি। আমরা এর সমাধান চাই।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কৃষকদের জমি রক্ষা করা যায়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নূরে ইয়াছিন নোবেল জানিয়েছেন, কোম্পানি তাদের কেনা জমি বালু দিয়ে ভরাট করছে। যারা অভিযোগে করছেন, তাদের জমি আগেই নদীগর্ভে বিলীন হয়েছে। কোনো কৃষকের জমি ভরাটের সঙ্গে তিনি জড়িত নন। 

মার্স ফিড লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেছেন, “আমরা ৩০ বিঘা জমি কিনেছি। মাত্র ৩ বিঘা জমিতে বালুভরাট করেছি। গ্রামবাসীরাই আমাদের জমি দখল করে ভোগ করছে।” 

সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেছেন, “কৃষকের জমিতে জোরপূর্বক বালুভরাটের বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অনিক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়