সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রেলসেতুতে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া ঘাটিনা রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) ও একই গ্রামের আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে সামির হোসেন (২৪)। তারা সম্পর্কে খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই তরুণ মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতু এলাকায় ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে রেলসেতুতে উঠেন তারা। সেলফি তোলার সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে দুজন নিচে পড়ে ঘটনাস্থলেই একজনেরয় মৃত্যু হয়। আহতাবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, “ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে এসেছিলেন দুই তরুণ। ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।”
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/রাসেল/রাজীব