ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মহাসড়কের পাশে খড়ে আগুন, ধোঁয়ার তিন বাসের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫৩, ১৮ মার্চ ২০২৬
মহাসড়কের পাশে খড়ে আগুন, ধোঁয়ার তিন বাসের সংঘর্ষ, নিহত ১

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস

পটিয়ায় জলুরদিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে খড়ের আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়ায় তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বাঁশি মোহন দাশ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রাজেশ বড়ুয়া। 

দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সড়কের পাশে খড়ের গাদায় আগুন দেওয়ায় ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। এ পরিস্থিতিতে ঈগল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময় মারসা পরিবহনের একটি বাস সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারে ধাক্কা খেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। 

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মোহন দাশ মারা যান। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সামিয়া রওশন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজেশ বড়ুয়া বলেন, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা বলছেন, সড়কের পাশে খড় পোড়ানোর মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড এ দুর্ঘটনার অন্যতম কারণ। তারা মহাসড়কে এ ধরনের কাজ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান। 

ঢাকা/রেজাউল//

সর্বশেষ

পাঠকপ্রিয়