ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতে ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীদের ঢল

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৩ মার্চ ২০২৬  
ঈদের ছুটিতে ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীদের ঢল

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ।

ঈদুল ফিতরের ছুটি ঘিরে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এলাকায় দর্শনার্থীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে মানুষ ছুটে আসছেন বিশ্ব ঐতিহ্যের এই স্থাপনাটি দেখতে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে মসজিদ প্রাঙ্গণ, পার্শ্ববর্তী দিঘি এবং আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীদের ভিড়ে হাঁটাচলাই কঠিন হয়ে পড়ে। অনেকেই ঐতিহাসিক এই স্থাপনার সামনে ছবি তোলা ও সময় কাটাতে ব্যস্ত ছিলেন।

আরো পড়ুন:

দর্শনার্থীরা জানান, টানা ঈদের ছুটি কাজে লাগিয়ে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন তারা। ইতিহাস-ঐতিহ্যের প্রতি আগ্রহ থেকে এই মসজিদে এসেছেন অনেকে। বিশেষ করে শিশু ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাকিব হাসান নামের এক দর্শণার্থী বলেন, ‘‘ষাট গম্বুজ মসজিদে ঘুরতে এসেছি। প্রতি ঈদে এখানে আসা হয়। এবার ঈদের ছুটি বেশি হওয়ায় অনেক দূর-দূরান্ত থেকেও মানুষ এসেছে। মসজিদ ও এর আশপাশের এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছে।’’  

মেহেদি নামের আরেক দর্শনার্থী বলেন, ‘‘ষাট গম্বুজ মসজিদে ঘুরতে এসে দাঁড়ানোর জায়গাও পাচ্ছি না। বহু মানুষ এসেছে। এই এলাকায় আরো অনেক প্রাচীন স্থাপনা রয়েছে। সবগুলোতে ঘোরার সুব্যবস্থা নেই, তাই একটি মসজিদেই এসে মানুষ ভিড় করছে। এবার ঈদে ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীদের ভিড় বেশি।’’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটিতে পর্যটকের চাপ বাড়ায় তাদের বিক্রি বেড়েছে কয়েকগুণ। হোটেল-রেস্টুরেন্ট, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এ সময়টাতে ভালো আয় করছেন।

ব্যবসায়ী মুরশিদুল বলেন, ‘‘অন্যান্য সময়ের তুলনায় ঈদে বেশি পর্যটক আসায় আমাদের বেচা বিক্রি বেশি হচ্ছে। আশা করছি সামনে যে কয়দিন ছুটি, পর্যটক বেশি আসবে এবং বেচা কেনা ভালো হবে।’’ 

বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান জায়েদ বলেন বলেন, ‘‘অতিরিক্ত দর্শনার্থীদের আগমন ঘিরে আমরা পূর্বেই প্রস্তুতি নিয়ে রেখেছি। দর্শনার্থীদের নিরাপত্তায় আমাদের সঙ্গে টুরিস্ট পুলিশ, আনসার সদস্যসহ সকলে দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিনে অসংখ্য দর্শনার্থী ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ করেছেন। দর্শনার্থীরা যাতে সুন্দরভাবে স্থানটি ঘুরে দেখতে পারে, সেই জন্য আমরা সার্বিকভাবে দায়িত্ব পালন করছি।’’ 

ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী এই ষাট গম্বুজ মসজিদ প্রতিবছরই ঈদসহ বিভিন্ন ছুটির দিনে দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র হয়ে ওঠে।

ঢাকা/আমিনুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়