ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১ জুন ২০২৬  
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিল

ভিডিও ফুটেজ থেকে নেওয়া স্ক্রিনশট

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। 

সোমবার (১ জুন) ভোরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের শিল্পকলা এলাকা থেকে বের হয়ে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী। এদিকে এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

আরো পড়ুন:

ভিডিওতে দেখা যায়, ভোরের আলো সদ্য ফুটেছে। কিছু কিছু জায়গায় বৈদ্যুতিক বাতির আলো জ্বলতে দেখা যাচ্ছে। এমন সময় অন্তত অর্ধ শতাধিক লোক ব্যানার হাতে বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভ মিছিলটির অগ্রভাগে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার। এসময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পাশাপাশি পালং জাজিরার সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষেও স্লোগান দেন। 

বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি জানতে পেরেছি। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই এ ব্যাপারে যতটুকু আইনি প্রয়োগ দরকার সেটি আমরা করবো। ভিডিও দেখে তাদের চিহ্নিত করা হবে।

ঢাকা/আকাশ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়