ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছয় দফা দাবিতে ডাকসুর সামনে ছাত্রলীগের মৌন মানববন্ধন

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১ জুন ২০২৬   আপডেট: ১৩:৪৬, ১ জুন ২০২৬
ছয় দফা দাবিতে ডাকসুর সামনে ছাত্রলীগের মৌন মানববন্ধন

ঈদের ছুটির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। কর্মসূচি থেকে তারা ছয় দফা দাবি তুলে ধরেন এবং একটি লিখিত বক্তব্যে বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

সোমবার (১ জুন) সকাল ৮টায় এ মৌন কর্মসূচি পালন করেন তারা।

আরো পড়ুন:

কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি-সংবলিত একটি লিখিত বক্তব্য প্রচার করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার, গ্রেপ্তারকৃত কর্মীদের নিঃশর্ত মুক্তি, নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, দলীয় নিয়োগ বন্ধ এবং শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করা।

লিখিত বক্তব্যে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। একইসঙ্গে তার ফাঁসির দাবিও জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক শিবলী সাদিক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাজিব জামান, বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম, মহসীন হল শাখার উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা এবং স্যার এ এফ রহমান হল শাখার উপ-সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইনসহ সংগঠনটির আরো কয়েকজন নেতাকর্মী।

ছাত্রলীগের ঘোষিত ছয় দফা দাবি হলো—

১. সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার করতে হবে।

২. ছাত্রলীগের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তার দেখানো (‘শোন অ্যারেস্ট’) বন্ধ করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৩. হামের টিকার অর্থ আত্মসাৎ ও শিশু মৃত্যুর ঘটনার অভিযোগে অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে হবে।

৪. নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, শিশু নির্যাতনকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৫. কোটা আন্দোলনের পর অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়