ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এ নির্বাচন দেশের ভবিষ্যৎ ও জনগণের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২৩:০৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬
এ নির্বাচন দেশের ভবিষ্যৎ ও জনগণের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, বরং দেশের ভবিষ্যৎ ও জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-২ এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

তারেক রহমান বলেন, “গত ১৬ বছরে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাকস্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। সাম্প্রতিক গণঅভ্যুত্থানেও অনেক পরিবার তাদের স্বজন হারিয়েছেন। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। ভোটাধিকার শক্তভাবে প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।”

ঢাকা-১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে সমর্থন চেয়ে তিনি বলেন, “এই প্রার্থী দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষার বিষয় আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন। নির্বাচিত হলে তিনি জনগণের সমস্যা সমাধানে কাজ করবেন।”

দেশের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন। তিনি বলেন, “খেটে খাওয়া পরিবারগুলোর প্রতিটি মায়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে, যার মাধ্যমে সরকার মাসিক আর্থিক সহায়তা দেবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

কৃষকদের সহায়তায় বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে ভোকেশনাল ও আইটি প্রশিক্ষণসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।

প্রবাসী কর্মীদের জন্য স্বল্প সুদে সরকারি ঋণ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরে তারেক রহমান বলেন, “বিদেশে কর্মসংস্থানের জন্য অনেককে জমি বিক্রি করতে হয়। সরকারি সহায়তা চালু হলে এ সংকট কমবে।”

স্বাস্থ্য খাতের উন্নয়নের অংশ হিসেবে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। ঢাকা-১৪ এলাকায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের আশ্বাস দেন তিনি।

ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে।”

যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে তুরাগ নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপির শীর্ষ নেতা। 

ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ভোটাধিকার যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

 ঢাকা/আলী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়