স্বপ্ন জয়ের গল্প ‘ন ডরাই’
আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত চলচ্চিত্র ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এটি। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরো অভিনয় করেছেন—সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত।
পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘সিনেমাটি স্বপ্ন জয়ের গল্প, নারী মুক্তির গল্প। সামাজিক অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবার গল্প। এজন্য সিনেমার নাম ন ডরাই।’
সার্ফিং নিয়ে কক্সবাজারের মেয়ে আয়েশার সংগ্রাম দেখা যায় এ সিনেমার ট্রেইলারে। যাকে সমাজ, পরিবার আর স্বজনরা বারবার মনে করিয়ে দেয়, ‘তুই নারী, তোর জন্য সমুদ্র না, সার্ফিং না’। সংসারের শিকলে বাঁধতে চায় তাকে। কিন্তু আয়েশা নাছোড়বান্দা। সমুদ্রের বিশাল ঢেউয়ের ভেতর থেকে সার্ফিং বোটে সওয়ার হয়ে দুর্দান্ত দাপটে বেরিয়ে আসে সে। ট্রেইলার প্রকাশের পর দর্শকমহলে আলোচনায় আসে সিনেমাটি। নির্মাতার মুনশিয়ানা এবং কেন্দ্রীয় চরিত্রে সুনেহরার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
এ সিনেমার প্রযোজক ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘‘ন ডরাই’ একটা গ্লোবাল সিনেমা। বাংলাদেশসহ অন্যান্য দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পাঠাতে চাই। এতে অধিকাংশ ভাষা চট্টগ্রামের। তবে সেই ভাষা সবাই বুঝতে পারবেন। এছাড়া ইংরেজি সাবটাইটেল থাকছে।’’
দেখুন: ‘ন ডরাই’ সিনেমার গান।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম