ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৭ জানুয়ারি ২০২৫  
সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘিরে সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী সচিবালয়ের গেটের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পূর্ব ঘোষণা অনুযায়ী, মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি নিয়ে তারা সচিবালয়ের সামনে আসেন। কিছুক্ষণ সেখানে বিক্ষোভ করার পর তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

দুপুর আড়াইটার একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি টিয়ারগ্যাস ছাড়ার শব্দ শোনা যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘‘প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করে। তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিলে কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে যান।’’

ঢাকা/আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়