ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেতুমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেতুমন্ত্রীর

রাষ্ট্রের অর্থ মানে জনগণের অর্থ, এই উপলব্ধি নিয়ে সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

তিনি বলেছেন, “রাষ্ট্রের প্রয়োজনে প্রকৌশলী হিসেবে গড়ে ওঠা নবীন কর্মকর্তারা চাইলে নিজেদের অবস্থান থেকেই বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবনিযুক্ত ৩২ কর্মকর্তার জন্য আয়োজিত সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, “প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা পুরোদমে কাজে যুক্ত হবেন। রাষ্ট্র তাদের ওপর যে আস্থা রেখেছে, তা ধারণ করে সব সময় রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। অনৈতিক চর্চা পরিহার করে নির্মাণকাজে অপচয় রোধ, ব্যয় নিয়ন্ত্রণ এবং গুণগত মান নিশ্চিত করাই একজন প্রকৃত সরকারি কর্মকর্তার পরিচয়।”

তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নবীন কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও সরকারের প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগ গ্রহণের পাশাপাশি নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা যাবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে নবীন কর্মকর্তারাই ভবিষ্যতের কাণ্ডারি। একটি সড়ক অচল হয়ে পড়লে লাখো মানুষের দুর্ভোগ তৈরি হয়। তাই, সড়ক চলাচল নির্বিঘ্ন রাখা, নির্মাণ ব্যয় যুক্তিসঙ্গত করা এবং নিরাপদ অবকাঠামো নিশ্চিত করা সময়ের দাবি।” 

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, “নবীন কর্মকর্তারা তাদের মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই সবার প্রত্যাশা।“ অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুনাম অর্জনের আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণার্থীদের পক্ষে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রকৌশলী (সিভিল) নাসির আহমেদ ও জান্নাতুল নাঈম। তারা জানান, এই ইনডাকশন কোর্স নবীন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, প্রশাসনিক জ্ঞান ও নৈতিক দায়িত্ববোধ জোরদার করতে কার্যকর ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক নবীন কর্মকর্তাদের সিভিল সার্ভিস রুলস অনুসরণ করে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।

সাত দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশাসনিক কাঠামো, প্রকল্প ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, আর্থিক শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। 

সমাপনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়