স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকার এবার স্বাধীনতা দিবসের কর্মসূচিতে কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করছে। এ কারণে সরকারি-বেসরকারি ভবনসহ কোথাও আলোকসজ্জা করা হবে না।”
তিনি আরো বলেন, “দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হলেও চলতি বছর জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সেই আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা/এএএম/মাসুদ