ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৩৮, ১৯ মার্চ ২০২৬
‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদুল ফিতর। এই ঈদ জামাত আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতি জানিয়েছেন। ফলে সাধারণ মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবেন।”

জাতীয় ঈদগাহ ময়দানে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


 দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, “সরকারের সঠিক নির্দেশনায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে। নৌ, রেল ও সড়কপথে মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।”

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, এবার জাতীয় ঈদগাহ ময়দানে ৩৫০০ নারীসহ মোট ৩৫০০০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা থাকছে। এছাড়া, পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
 
আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। 

সর্বশেষ

পাঠকপ্রিয়