শূন্য পদে নিয়োগে তথ্য চাইল জনপ্রশাসন মন্ত্রণালয়
সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্য পদগুলো পূরণের উদ্যোগ জোরদার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে নির্ধারিত ছক অনুযায়ী শূন্য পদের তথ্য দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহারে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে এরইমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকা শূন্য পদের তথ্য জরুরি ভিত্তিতে প্রয়োজন। এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য পদ এবং সরাসরি নিয়োগযোগ্য পদ, উভয় ধরনের তথ্যই চাওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, প্রাপ্ত তথ্য নির্ধারিত ফরম্যাটে সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। পাশাপাশি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে হালনাগাদ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তথ্য পিডিএফ ও ওয়ার্ড ফরম্যাটে ইমেইলে পাঠাতে বলা হয়েছে।
ঢাকা এএএম ইভা