ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের শুল্ক হুমকির মুখে চীনের পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:১১, ১৪ এপ্রিল ২০২৬
ট্রাম্পের শুল্ক হুমকির মুখে চীনের পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন

ইরানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগে চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলেছে, ওয়াশিংটন যদি ভিত্তিহীন অজুহাতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে বেইজিং-ও কঠোর ‘পাল্টা ব্যবস্থা’ গ্রহণ করবে। খবর দ্য স্ট্রেইট টাইমসের। 

আরো পড়ুন:

গত ১২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানান, বেইজিং যদি তেহরানকে কোনো ধরনের সামরিক সাহায্য দেয়, তাহলে তিনি চীনা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন। আগামী মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। তার আগেই এই হুমকি দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ পুনরায় চাঙা হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। 

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, বেইজিং ইতিমধ্যে কাঁধে রেখে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়ে থাকতে পারে।

১৪ এপ্রিল এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি এই মিথ্য অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেয়, তাহলে চীন নিজের স্বার্থ রক্ষায় অবশ্যই দৃঢ় ও কার্যকর পাল্টা পদক্ষেপ নেবে।” 

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, চীন সবসময়ই সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও নিজস্ব কঠোর নীতিমালা মেনে চলে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়