ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে ১০১ জনের শরীরে হামের উপসর্গ 

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৫ এপ্রিল ২০২৬  
ঠাকুরগাঁওয়ে ১০১ জনের শরীরে হামের উপসর্গ 

ঠাকুরগাঁওয়ে দিন দিন হাম রোগের সংক্রমণ বাড়ছে। যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত ১০১ জনের শরীরে হামের উপসর্গ সনাক্ত করা হয়েছে। 

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টা পর্যন্ত জেলায় মোট ৩ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে। এই পর্যন্ত ৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ২৯ জন চিকিৎসা নিয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত এই রোগে মৃত্যু হয়নি।

আরো পড়ুন:

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৭৭ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান জানান, জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে। 

বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন তিনি। 

ঢাকা/হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়