কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা এবং ছেলে নিহত হয়েছে। এ সময় অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নিহত মায়ের বয়স ৩২ এবং ছেলের বয়স ৬ বছর।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান নিহতের তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিল একটি পরিবারের চার সদস্য। দুপুরে অটোরিকশাটি দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা এবং ছেলের মৃত্যু হয়।
অটোরিকশায় থাকা চালক, নিহত নারীর শাশুড়ি এবং মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা/রুবেল/বকুল
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার