সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও কনটেন্টভিত্তিক প্রতিষ্ঠান ‘লেখালিখি’-এর যৌথ আয়োজনে ‘লেন্সের ওপারে: এআই নির্ভর গল্প বলার নতুন ভাষা’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক ম. জাভেদ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার ও পরিচালক ফারহানা রহমান।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন হাসিব হাসান চৌধুরী এবং ‘লেখালিখি’-এর উদ্যোক্তা সৈয়দা ফারজানা জামান রুম্পা। তারা অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর গল্প বলার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল এআই ব্যবহার করে কনটেন্ট তৈরির সরাসরি প্রদর্শনী—যেখানে ধারণা থেকে শুরু করে দৃশ্য, শট ও সংগীত নির্মাণ পর্যন্ত পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়। পাশাপাশি এআই ব্যবহারের নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, “চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে, তাই এ খাতে দক্ষ জনবল তৈরি এখন সময়ের দাবি।”
দিনব্যাপী এই কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ঢাকা/রাহাত/শান্ত
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১১১৫