ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হঠাৎ বিদায় মাসচেরানোর: শিরোপার ৪ মাস পরই মায়ামিতে কোচ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৫ এপ্রিল ২০২৬  
হঠাৎ বিদায় মাসচেরানোর: শিরোপার ৪ মাস পরই মায়ামিতে কোচ পরিবর্তন

মাত্র ৪ মাস আগে ইতিহাস গড়ে শিরোপা জেতানো কোচই এবার বিদায় নিলেন। হাভিয়ের মাসচেরানো ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এমনটাই জানিয়েছে ইন্টার মায়ামি।

ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘরের মাঠে ২-২ ড্রয়ের ম্যাচের পরই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত ক্লাবকে জানান।

আরো পড়ুন:

মাসচেরানো নিজেও এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগত কারণে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ক্লাব, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই তিনি কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পেরেছেন।

২০২৪ সালের নভেম্বরে জেরার্দো মার্তিনোর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়া মাসচেরানো প্রায় দেড় বছর ক্লাবটির নেতৃত্ব দেন। এই সময়ে তিনি দলকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে তুলেছিলেন। তবে সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৫ সালে। যখন তার হাত ধরেই প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি।

২০২৬ মৌসুমে ৭ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে ৩ নম্বরে রয়েছে মায়ামি। যদিও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে তারা বিদায় নিয়েছে ন্যাশভিলের কাছে হেরে। নতুন স্টেডিয়ামে যাত্রা শুরু করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই এই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত এলো। যেখানে প্রথম ২ ম্যাচই ড্র করেছে দলটি।

এদিকে ক্লাব জানিয়েছে, আপাতত আসন্ন ম্যাচগুলোর জন্য দায়িত্ব নেবেন গুইয়ের্মো হোইয়োস। যিনি এতদিন ক্লাবের ক্রীড়া পরিচালকের দায়িত্বে ছিলেন। তার আগের দায়িত্ব এখন পালন করবেন আলবার্তো মাররেরো।

ক্লাব মালিক হোর্হে মাস বলেন, মাসচেরানো সবসময় এই ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এমএলএস কাপ জয় কিংবা ক্লাব বিশ্বকাপে দলের ঐতিহাসিক পারফরম্যান্স- সবকিছুতেই তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ক্লাবটি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়