ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও ‘দেশমাতা ফাউন্ডেশন’ এর প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম।
শুক্রবার (১১ এপ্রিল) গাজীপুরের টঙ্গী উপজেলার মাজুখান গ্রামে জাকির হোসেন মিলনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যারিস্টার আবু সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব ও ‘দেশমাতা ফাউন্ডেশন’ এর বাংলাদেশ প্রতিনিধি কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ টুয়েন্টিফোর’ এর নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ প্রমুখ।
সাক্ষাতের সময় ব্যারিস্টার আবু সায়েম জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে কথা বলেন। তার সন্তানদের লেখাপড়ার খোঁজখবর নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অসহায় পরিবারের পাশে আজীবন থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এছাড়া ‘দেশমাতা ফাউন্ডেশন’ এর মাধ্যমে শহীদ মিলনের দুই কন্যা সন্তানের জন্য মাসিক ‘শিক্ষা বৃত্তি’ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
২০১৮ সালের ৬ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান থেকে ফেরার সময় জাকির হোসেন মিলনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর রাজধানীর শাহবাগ পুলিশ ফাঁড়িতে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। রিমান্ড শেষে মিলনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে ২০১৮ সালের ১২ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাকির হোসেন মিলন।
ঢাকা/এসবি
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন