ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রতিবাদ সমাবেশ

নারী ও শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা। একই সঙ্গে আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির নেত্রীরা এসব দাবি তুলে ধরেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

আরো পড়ুন:

বক্তারা বলেন, সংবিধানিক ও নৈতিক দায়িত্বের জায়গা থেকে রাষ্ট্রকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা দাবি করেন, প্রভাবশালী কোনো মহল যাতে অপরাধীদের রক্ষা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।

সমাবেশে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় গেলে মামলা নিতে গড়িমসি করা হয়। এ ধরনের আচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা। সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করা গেলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষ আস্থা ফিরে পাবে।

সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি উপস্থাপন করে সহকারী সম্পাদক মার্জিয়া বেগম বলেন, নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতি প্রণয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সন্ত্রাস বন্ধ, নিরপেক্ষ তদন্ত নিশ্চিতকরণ এবং দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

বক্তারা বলেন, “রাষ্ট্র যদি সময়মতো কঠোর পদক্ষেপ নেয়, তাহলে অপরাধীরা আর সাহস পাবে না। ন্যায়বিচার নিশ্চিত হলেই সমাজে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরবে।”

সমাবেশ শেষে সংগঠনের নেত্রীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। মানবতা ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

ঢাকা/আলী/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়